ট্যারিফ অনুমোদনের আগে আইপি টিভির বাণিজ্যিক সম্প্রচারে বাধা
বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার আগে আইপি টিভিকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে ট্যারিফ অনুমোদন নিতে হবে। পরীক্ষামূলক সম্প্রচারের ৬ মাস পর অনুমিতি প্রাপ্ত আইপিটিভি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত ভাবে লাইসেন্স পাবে।
এসব বিষয় নিয়ে আইপি টিভি পরিচালনা বিষয়ে একটি নীতিমালা ও গাইডলাইন চূড়ান্ত করেছে বিটিআরসি। গাইডলাইনটি বর্তমানে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে রয়েছে।
এদিকে নীতিমালা প্রকাশের আগেই পরীক্ষামূলক ভাবে যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই আইপি সেবা দিচ্ছে তাদের আইপিটিভি পরিচালনার ক্ষেত্রে সতর্ককতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
এক বিজ্ঞপ্তিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আইপিটিভি সম্প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় এবং চ্যানেল কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া আইপিটিভিতে বিদেশি চ্যানেল বা কনটেন্ট না দেখানোর নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আইপিটিভি সেবা প্রদানকারীরা বাংলাদেশ সরকারের অনুমোদিত দেশি-বিদেশি টিভি চ্যানেলের অনুমোদিত কনটেন্ট প্রচার করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কনটেন্ট প্রচারের ক্ষেত্রে ছাড়পত্র বা অনুমতি নিতে হবে। অনুমোদিত ছাড়া অন্য কোন চ্যানেল ডাউনলিঙ্ক, বিপণন বা সঞ্চালন বা নিজস্ব কনটেন্ট প্রচার করতে পারবে না। এর বাইরে কেউ যদি আইপিটিভি পরিচালনা করে তবে তা অবৈধ ঘোষণা করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অনুমতি গ্রহণ ছাড়া যদি কোন কোম্পানি ডিস বা ডিটিএইচ বসিয়ে বিদেশি চ্যানেল দেখানোর নামে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারর কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।
প্রসঙ্গত, সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ২৪টি প্রতিষ্ঠানকে আইপিটিভি সম্প্রচারের অনুমতি দিয়েছে বিটিআরসি।